আবারও সেই ‘আইনজীবী’ মমতা! দলের কর্মীদের জন্য সওয়াল করতে হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী
কালো কোট ও আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Truth of Bengal: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক অভূতপূর্ব ও নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে, যখন কালো কোট ও আইনজীবীর পোশাকে আদালতে উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি হাইকোর্টে প্রবেশ করেন। মূলত গত ১২ মে রাজ্যে ‘বিজেপি আশ্রিত’ দুষ্কৃতীদের তাণ্ডব এবং ভোট-পরবর্তী হিংসা রুখতে তৃণমূল কংগ্রেস যে জনস্বার্থ মামলা দায়ের করেছিল, সেই মামলাতেই সওয়াল করতে তিনি আইনজীবীর বেশে এসেছেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এই মামলাটির গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল।

জনস্বার্থ মামলায় চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানানো হয়েছে যে, ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে। পরিসংখ্যানে দাবি করা হয়েছে, প্রায় ২,০০০ তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন এবং অন্তত ৩৬৫টি দলীয় কার্যালয় ভাঙচুর বা পুড়িয়ে দেওয়া হয়েছে। বহু কর্মী প্রাণভয়ে ঘরছাড়া হয়ে পড়েছেন। আবেদনে আরও বলা হয়েছে যে, পুলিশি নিষ্ক্রিয়তার কারণে হিংসা বাড়ছে, তাই অবিলম্বে আদালতের হস্তক্ষেপ এবং কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো প্রয়োজন।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভূমিকা এই প্রথম নয়। এর আগে এসআইআর (SIR) মামলাতেও তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে উপস্থিত হয়ে সওয়াল করেছিলেন, যা ভারতের বিচারবিভাগীয় ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে একটি বিরল ঘটনা ছিল। বিধানসভা নির্বাচনের পরবর্তী এই উত্তপ্ত পরিস্থিতিতে আবারও নিজের দলের কর্মীদের অধিকার রক্ষায় সেই পরিচিত ‘আইনজীবী’ মমতাকে দেখা গেল কলকাতা হাইকোর্টের আঙিনায়।






