সেনার অবমাননার অভিযোগ! মহুয়া মৈত্রর বিরুদ্ধে আদালতে মামলা, বিপাকে তৃণমূল সাংসদ
ঘটনার সূত্রপাত গত বছরের একটি জঙ্গি হামলাকে কেন্দ্র করে
Truth of Bengal: ভোটের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই আইনি জটিলতায় জড়ালেন কৃষ্ণনগরের নবনির্বাচিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা দায়ের করেছেন গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি, সাংসদের এমন মন্তব্যে দেশবাসীর আবেগে আঘাত লেগেছে এবং এর জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
ঘটনার সূত্রপাত গত বছরের একটি জঙ্গি হামলাকে কেন্দ্র করে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় অতর্কিতে হামলায় ২৬ জন প্রাণ হারান। এর জবাবে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল। মামলাকারী গৌরাঙ্গ দে-র অভিযোগ, সেই সামরিক অভিযান নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া মৈত্র। তাঁর মতে, সেনাবাহিনী দেশের গর্ব এবং আন্তর্জাতিক স্তরে সম্মানের প্রতীক, তাই একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির মুখে এমন শব্দ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আদালতে মামলা করার পর গৌরাঙ্গ বাবু সংবাদমাধ্যমকে জানান, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তাঁর দাবি, দেশের সেনাবাহিনীকে অপমান করে কেউ পার পেতে পারেন না এবং মহুয়া মৈত্রকে এই ঘটনার জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আইনি সূত্রের খবর, কৃষ্ণনগর এসিজেএম আদালত প্রাথমিকভাবে এই পিটিশনটি গ্রহণ করেছে।
সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় নদিয়া জেলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের অনেকেই মহুয়ার এই মন্তব্যকে ‘দেশবিরোধী মানসিকতা’র প্রতিফলন বলে কটাক্ষ করেছেন। আগামী দিনে এই মামলার শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মহুয়া মৈত্র বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।





