রাজ্যের খবর

চাকদহে গভীর রাতে গুলির শব্দ! আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার এক ব্যক্তি

এই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে এবং অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে।

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নির্বাচনী আবহ কাটার পরপরই নদিয়ার চাকদহে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাকদহ থানার পুলিশ হরিপুকুর বিলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযোগ ছিল, ওই এলাকায় এক ব্যক্তি নির্জন জায়গায় পরপর দু’রাউন্ড গুলি চালিয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে এবং অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুকান্ত রায় (৪৬)। তিনি হরিপুকুর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। অভিযুক্তকে আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দু’রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে ওই ব্যক্তি জনসমক্ষে গুলি চালিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে চাকদহ থানার পুলিশ। বুধবার সুকান্ত রায়কে আদালতে পেশ করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ভোটের পরবর্তী সময়ে এই ধরনের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

 

Related Articles