কলকাতা

“বাংলায় এবার আসবে বিপুল বিনিয়োগ!” আশ্বাস বিজেপি সভাপতির

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এখন সেই খরা কাটবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি

Truth of Bengal: বিগত দেড় দশকে বাংলার রুগ্‌ণ শিল্পচিত্রের জন্য পূর্বতন তৃণমূল সরকারকে কড়া ভাষায় বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে রাজ্যে কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ আসেনি। উল্টো, তৎকালীন সরকারের অসহযোগিতা ও প্রতিকূল পরিবেশের কারণে বাংলার শিল্পপতিরা বাধ্য হয়ে উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এখন সেই খরা কাটবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

শমীক ভট্টাচার্য এদিন সাফ জানান, পূর্বতন সরকারের আমলে রাজ্যে শিল্পপতিদের কোনো নিরাপত্তা ছিল না। বিভিন্ন সময়ে তাঁদের ওপর দখলদারি চালানো হয়েছে এবং বিনিয়োগের ক্ষেত্রে ভয়ের আবহাওয়া তৈরি করা হয়েছিল। এর পাশাপাশি রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিও শিল্পায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে তিনি দাবি করেন। তাঁর মতে, তৃণমূল সরকারের উদাসীনতা ও ভুল নীতির কারণেই বাংলা থেকে প্রচুর শিল্প হারিয়ে গিয়েছে। তবে বর্তমান সরকার সেই পরিস্থিতি বদলে শিল্পপতিদের সব ধরনের সহযোগিতা করবে এবং বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনবে।

রাজ্যে শিল্পের সম্ভাবনা বাড়াতে একটি সুনির্দিষ্ট ‘জমি নীতি’র প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি জানান, নতুন সরকার শিল্পপতিদের জন্য বিনিয়োগের দুয়ার খুলে দেবে। যদিও তিনি স্পষ্ট করে দেন যে, তিনি সরকারের পক্ষ হয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছেন না, তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি নিশ্চিত যে বর্তমান জমানায় বাংলায় বিপুল বিনিয়োগ হবে এবং শিল্পপতিরা নির্ভয়ে কাজ করতে পারবেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের পতন ঘটাতে বিজেপির অন্যতম প্রধান হাতিয়ার ছিল রাজ্যের রুগ্‌ণ শিল্প দশা এবং বেকারত্ব ইস্যু। ক্ষমতা দখলের পর এবার সেই প্রতিশ্রুতি পূরণে তৎপর গেরুয়া শিবির। শিল্পপতিদের আশ্বস্ত করে শমীক ভট্টাচার্য এদিন বার্তা দেন যে, রাজ্যে শিল্পের হাল ফেরাতে এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। এখন দেখার, এই পালাবদলের পর বাংলার ঝুলি কতখানি শিল্পে ভরে ওঠে।

Related Articles