কলকাতা

আর জি কর মামলায় বড় মোড়! বিচারপতি মান্থার বেঞ্চ থেকে সরল অভয়া কাণ্ড

আদালতের নিয়ম মেনে মামলাটি পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।

Truth of Bengal: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই অভয়া কাণ্ডে বড়সড় মোড় এল কলকাতা হাইকোর্টে। আর জি কর সংক্রান্ত মামলা থেকে মঙ্গলবার সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। শুনানির সময় বিচারপতি জানান, বর্তমান রাজ্য সরকার এই ঘটনার তদন্তে একটি জুডিশিয়াল কমিশন গঠন করতে চলেছে বলে শোনা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে তাঁদের বেঞ্চে মামলাটির শুনানির প্রয়োজনীয়তা নেই। আদালতের নিয়ম মেনে মামলাটি পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাংলার রাজনৈতিক পরিবর্তনের নেপথ্যে আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জনরোষ আছড়ে পড়েছিল রাজপথে। বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠার পর তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি অভয়ার পরিবার ও সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ ছিল, আসল তথ্য গোপন করা হয়েছে এবং বৃহত্তর ষড়যন্ত্রের বিচার মেলেনি।

মেয়ের খুনের বিচার পাওয়ার আশায় নির্বাচনের আগে সক্রিয় রাজনীতিতে পা রেখেছিলেন অভয়ার মা রত্না দেবনাথ। তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং বর্তমানে তিনি পানিহাটি কেন্দ্রের বিধায়ক। সরকার গঠনের পর থেকেই মেয়ের বিচারের দাবিতে তিনি সোচ্চার। এই পরিস্থিতিতেই আর জি কর মামলা থেকে বিচারপতি মান্থার সরে দাঁড়ানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেন এই মামলা থেকে তিনি সরে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠলেও বিচারপতির যুক্তি অত্যন্ত স্পষ্ট।

মঙ্গলবার এজলাসে বিচারপতি মান্থা মন্তব্য করেন যে, এই মামলাটি কেবল মামলাকারীর ব্যক্তিগত বিষয় নয়; বরং এর সঙ্গে গোটা রাজ্য ও দেশের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। যেহেতু সরকার জুডিশিয়াল কমিশন গড়ার পথে হাঁটছে, তাই আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রধান বিচারপতি এই মামলাটি কোন বেঞ্চে পাঠাবেন কিংবা নতুন জুডিশিয়াল কমিশন কীভাবে কাজ করবে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

Related Articles