কলকাতা

ভোট মিটতেই ইডি-র ডাক! পুর নিয়োগ দুর্নীতি মামলায় ছেলেকে নিয়ে সিজিও-তে সুজিত বসু

Truth of Bengal: নির্বাচনী দামামা থিতু হতেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন বিধাননগরের প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তবে এবার তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন ছেলে সমুদ্র বসুও। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

আদালতের কবচ ও ভোটের ব্যস্ততা

উল্লেখ্য, গত ৬ এপ্রিল অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত। প্রচারের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি সেই সময় হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিধানসভা ভোট পর্ব চলাকালীন একাধিক নোটিস পেলেও আইনি রক্ষাকবচ ও প্রচারের দোহাই দিয়ে তিনি বারবার সময় চেয়ে নিয়েছিলেন। তবে ভোট মিটতেই গত ১ মে আইনজীবীকে সঙ্গে নিয়ে একবার সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। সোমবারের হাজিরা মূলত সেই তদন্তেরই পরবর্তী ধাপ।

তদন্তের জাল ও সুজিতের ক্ষোভ

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরিধি অনেকদূর বিস্তৃত। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজিত বসুর শ্রীভূমির বাড়ি, অফিস এমনকি ভিআইপি রোডে তাঁর ছেলের রেস্তোরাঁতেও ম্যারাথন তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। এর আগে সুজিতের স্ত্রী ও মেয়েকেও ডেকে পাঠানো হয়েছিল। তদন্তের নামে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন প্রাক্তন মন্ত্রী। অতীতে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেছিলেন, “সুজিত বসুর এত খারাপ অবস্থা হয়নি যে চাকরি বিক্রি করে রোজগার করতে হবে। মানুষ সব জানে, এটা কমিশন আর ইডির চক্রান্ত।”

চুপচাপ সুজিত, জল্পনা তুঙ্গে

ভোটের ফল প্রকাশের পর সোমবারই প্রথমবার তদন্তকারীদের মুখোমুখি হলেন তিনি। তবে এদিন ইডি দফতরে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনে টুঁ শব্দটিও করেননি সুজিত। গত কয়েক বছরে নিয়োগ দুর্নীতিতে যেভাবে তৃণমূলের তাবড় নেতারা শ্রীঘরে গিয়েছেন, সেই আবহে সুজিতের এই হাজিরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইডি সূত্রের দাবি, নিয়োগ সংক্রান্ত কিছু নথি ও আর্থিক লেনদেনের বিষয়ে স্পষ্ট ধারণা পেতেই বাবা ও ছেলেকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। এখন দেখার, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে কী বার্তা নিয়ে বেরোন সুজিত বসু।

Related Articles