বুড়ামা মন্দিরে পুজো দিয়ে জয় উদযাপন অশোক লাহিড়ীর
সেখানে আবাসিক ছাত্রদের সঙ্গে সময় কাটান এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথাবার্তা বলেন।
Truth of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আনন্দে শনিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বুড়ামা কালী মন্দিরে পুজো দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ অশোককুমার লাহিড়ী। এদিন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর বালুরঘাটের তিওর ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শনে যান ডঃ লাহিড়ী।
সেখানে আবাসিক ছাত্রদের সঙ্গে সময় কাটান এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথাবার্তা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বালুরঘাটে তাঁর একটি ভাড়া বাড়ি রয়েছে। বর্তমানে তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। সেই কারণেই শুক্রবার পশ্চিমবঙ্গে এসেছেন এবং সোমবার দিল্লিতে ফিরে যাবেন।
অশোক লাহিড়ী বলেন, ‘আজ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। এটা আমাদের কাছে খুবই আনন্দের দিন। তাই আজ বুড়ামা কালী মন্দিরে এসে মায়ের চরণে প্রণাম জানালাম।’






