কলকাতা

পদত্যাগ করব না! রাষ্ট্রপতি শাসন হোক, রেকর্ড থাকুক: মমতা

পদত্যাগ করতে নারাজ মমতা, রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন নিজেই!

Truth of Bengal: বিধানসভা নির্বাচনে বিপুল ভরাডুবির পরও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানে পুরোপুরি অনড়। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক।” ভোটের ফলপ্রকাশের পর থেকেই জল্পনা চলছিল তিনি কী করবেন, সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন নেত্রী। উল্টে নতুন সরকারের শপথের দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছেন তিনি, যা রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আইনি লড়াইয়ের পথে মমতা

হার মানতে নারাজ মমতা। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছেন। কালীঘাটের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, এবার তিনি এবং দলের আইনজীবী বিধায়করা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিপ্লব মিত্র ও বিমান বন্দ্যোপাধ্যায়, আইনজীবী হিসেবেই লড়াইয়ে নামবেন। অতীতেও সাধারণ মানুষের স্বার্থে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা। এবারও সেই একই ধারায় আইনি পথে জয়ের জন্য মরিয়া তিনি।

অন্তর্ঘাতের খোঁজে মমতা

তৃণমূলের এই বিপর্যয়ের নেপথ্যে যে দলের অন্দরেই কোনো ষড়যন্ত্র বা ‘অন্তর্ঘাত’ রয়েছে, তা নিয়ে এদিন কোনো রাখঢাক করেননি মমতা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, “যে বা যারা অন্তর্ঘাত করছে, তাদের নাম দিন।” দলের ভেতর থেকে যে ভাঙন শুরু হয়েছে, তা আঁচ করতে পেরেছেন নেত্রী। তবে লড়াই ছাড়তে নারাজ। আত্মবিশ্বাসের সঙ্গে মমতা বলেছেন, “একসময় একাই লড়াই শুরু করেছিলাম, ঘুরে দাঁড়িয়েছি। এবারও দল ঘুরে দাঁড়াবেই।”

অভিষেকের ‘সেনাপতি’ ভূমিকা

ভোট-পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যেখানে অভিযোগ পুলিশ নিচ্ছে না, সেখানে সরাসরি অনলাইনে অভিযোগ জানানো যাবে। আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গায় দলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠানো হবে বলে জানিয়েছেন অভিষেক। দলের এই দুঃসময়ে তিনি যে ‘সেনাপতি’র মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তা এদিনের বৈঠক থেকে ফের প্রমাণিত। সব মিলিয়ে, ভোটে বিপর্যয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় যে এখনই ময়দান ছাড়ছেন না, তা পরিষ্কার।

Related Articles