কলকাতারাজ্যের খবর

রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট! ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

এই স্বস্তির বিরতি খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।

Truth of Bengal: দক্ষিণবঙ্গে দীর্ঘদিনের তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তি ফিরিয়েছে বৃষ্টি। গত কয়েক দিনের ধারাবাহিক বর্ষণে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। শুক্রবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও জেলাগুলিতে আরামদায়ক আবহাওয়া বজায় ছিল। তবে এই স্বস্তির বিরতি খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে এই বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

এদিকে আগামী ৪ মে, অর্থাৎ ভোট গণনার দিনেও আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে। ফলে গণনাকেন্দ্রের বাইরে দায়িত্বে থাকা কর্মী বা উপস্থিত সমর্থকদের জন্য গরমের কষ্ট কিছুটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার সকাল থেকেই কলকাতায় রোদ ও মেঘের লুকোচুরি লক্ষ্য করা গেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। শহরে শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও দুপুরের পর মেঘের ঘনঘটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে আগামী বুধবার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সব মিলিয়ে, আপাতত গোটা রাজ্যেই গরমের দাপট থেকে কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles