কলকাতা

মমতার নিশানায় ‘গুজরাটি যুবক’! কে এই দীপ প্রজাপতি? আসল পরিচয় ফাঁস

স্ট্রংরুমের পাহারায় খোদ মমতা! শাখাওয়াত মেমোরিয়ালে রাতভর ধুন্ধুমার, উত্তপ্ত পরিস্থিতি!

Truth of Bengal: ভোট মিটতেই রাজনৈতিক পারদ তুঙ্গে। ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার বিকেলে প্রার্থীদের স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি তিনি, রাত ৮টা নাগাদ অঝোর বৃষ্টি উপেক্ষা করেই নিজেই পৌঁছে যান শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে। তাঁর পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই স্ট্রংরুমের বাইরে শুরু হয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। কার্যত রণাঙ্গনে পরিণত হয় স্কুল চত্বর। দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে মমতা বনাম বিজেপি সংঘাত।

স্ট্রংরুম থেকে বেরিয়ে মমতা সরাসরি নিশানা করেন বিজেপি সমর্থকদের ভিড়ে উপস্থিত এক বিক্ষোভকারীকে। ভিডিও বার্তায় মমতা বলেন, “গণনাকেন্দ্রের বাইরের এলাকা ঝগড়ার জায়গা নয়। যে যুবক স্লোগান দিচ্ছেন, তিনি গুজরাট থেকে এসেছেন। এটা আমার জায়গা। চাইলে আমি ১০ হাজার লোক জড়ো করতে পারি।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়।

কে এই ‘গুজরাটি যুবক’? ক্যামেরার সামনে নিজের পরিচয় দেন ওই যুবক। জানা গিয়েছে, তাঁর নাম দীপ প্রজাপতি। তিনি জানান, তিনি ভারতের নাগরিক এবং এ রাজ্যে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেখেই প্রতিবাদে নেমেছেন। তবে তিনি কোথাকার স্থায়ী বাসিন্দা বা ভোটকেন্দ্রে কেন এলেন, সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি।

বৃহস্পতিবার রাতের এই ঘটনার পর শুক্রবার সকাল থেকেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের নিরাপত্তা বলয় আরও কঠোর করা হয়েছে। স্কুল চত্বর মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তায়। পুলিশ বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। বাইরের কোনো গাড়ির প্রবেশাধিকার নেই। একইভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের চারপাশ গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। কমিশনের এই বজ্রআঁটুনি নিরাপত্তার মাঝে এখন ৪ মে-র দিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য।

Related Articles