নির্বাচনের মুখে বড় জয় শুভেন্দুর! প্রার্থীপদ বাতিলের মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
আইনি লড়াইয়ে জয়ী হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের এই হেভিওয়েট প্রার্থী।
Truth of Bengal: ‘সেক্যুলারিজম’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে করা মামলাটি সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে আইনি লড়াইয়ে জয়ী হলেন ভবানীপুর ও নন্দীগ্রামের এই হেভিওয়েট প্রার্থী।
ঘটনার সূত্রপাত গত ৩ মার্চ। বালিগঞ্জের শরৎ বোস রোড এলাকায় দোল উৎসবের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ‘সেক্যুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই সভায় তিনি মন্তব্য করেছিলেন যে, নাস্তিকতা বা ধর্মনিরপেক্ষতা চলবে না। তাঁর এই মন্তব্যকে অসাংবিধানিক ও প্ররোচনামূলক আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হন সৌম্য মণ্ডল নামে এক ব্যক্তি। মামলাকারীর দাবি ছিল, ‘ধর্মনিরপেক্ষতা’ ভারতীয় সংবিধানের মূল কাঠামোর অংশ। শুভেন্দু অধিকারী সেই সাংবিধানিক আদর্শের বিরোধিতা করে অপরাধ করেছেন, তাই তাঁর প্রার্থীপদ বাতিল করা উচিত।
সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মামলাকারীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, ঠিক কোন আইনি আধারে একজন প্রার্থীর পদ বাতিলের দাবি জানানো হচ্ছে? দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত জানায়, মামলাকারী তাঁর দাবির সপক্ষে যথেষ্ট আইনি যুক্তি বা শক্তিশালী কোনো কারণ দেখাতে ব্যর্থ হয়েছেন। পর্যাপ্ত আইনি ভিত্তির অভাব থাকায় আদালত মামলাটি খারিজ করার সিদ্ধান্ত নেয়। নির্বাচনের ঠিক মুখে আদালতের এই রায় শুভেন্দু অধিকারীর জন্য বড় স্বস্তি বয়ে আনল বলে মনে করছে রাজনৈতিক মহল।






