নির্বাচন মিটতেই মে মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, কবে কীভাবে দেখবেন?
এবছর ৭.১০ লাখ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিবদ্ধ করেছিল।
Truth Of Bengal: বিধানসভার নির্বাচন পর্ব মেটার পর আগামী ১৪ মে বেরোবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। আগেই ঘোষণা করা হয়েছিল ৮ মে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল। বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, আগামী ১৪ মে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
চলতি বছর গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে পরীক্ষা। এবছর ৭.১০ লাখ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিবদ্ধ করেছিল। এরমধ্যে পরীক্ষায় বসে ৬.৩৫ লাখ পরীক্ষার্থী। রাজ্যর ২৩টি জেলার ৬৮৩৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় কড়া পাহারায়। এবছরই প্রথম বার সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে।
বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর পার্থ কর্মকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। ওইদিন সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট মারফত নিজেদের পরীক্ষার ফল দেখতে পারবে। পরে বিভিন্ন ওয়েবসাইটের নাম ঘোষণা করা হবে।



