দেবের রোড-শোয়ে বিশৃঙ্খলা! নিরাপত্তার অভাবে মাঝপথেই ফিরলেন সুপারস্টার
জনসমুদ্রে ‘নিখোঁজ’ নিরাপত্তা! প্রিয় তারকাকে দেখতে গাছের ডালে শয়ে শয়ে মানুষ, দেবকে ঘিরে বিশৃঙ্খলা
Truth of Bengal: বাংলার ভোট-রণাঙ্গনে প্রথম দফার কাউন্টডাউন শুরু। হাতে মাত্র কয়েক ঘণ্টা, তার আগেই আলিপুরদুয়ারে তৃণমূলের সেলেব প্রচারক দেবকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল। সোমবার দলীয় প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে মেগা রোড-শো করার কথা ছিল ঘাটালের সাংসদ তথা টলিউড সুপারস্টারের। কিন্তু মাঝপথেই থমকে গেল দেবের ম্যাজিক। নিরাপত্তা জনিত কারণে রোড-শো অসম্পূর্ণ রেখেই ফিরে যেতে হলো তাঁকে, যা নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘চক্রান্তে’র অভিযোগ তুলল শাসকদল।
এদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে দেবের রোড-শো শুরু হতেই জনজোয়ার আছড়ে পড়ে রাস্তায়। প্রিয় তারকাকে একঝলক দেখতে মানুষ ভিড় জমিয়েছিলেন দোকানের ছাদ থেকে গাছের ডালে। কিন্তু বিএফ রোডে মিছিল পৌঁছতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে দেবের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মহাকালধাম এলাকাতেই প্রচার শেষ করে ফিরে যেতে হয় তাঁকে। কাঙ্ক্ষিত তারকাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কয়েক হাজার অনুরাগী।
এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। তাঁর অভিযোগ, “দেবের মতো একজন হেভিওয়েট সেলিব্রিটির জন্য যে ধরণের নিরাপত্তার প্রয়োজন ছিল, কমিশন এবং তাদের অধীনে থাকা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী তা দিতে ব্যর্থ হয়েছে। এটা একটা গভীর চক্রান্তও হতে পারে। গোটা শহর দেবের জন্য ভেঙে পড়েছিল, অথচ নিরাপত্তার অভাবে তাঁকে মাঝপথেই ফিরতে হল।” একই সুরে সরব হয়েছেন তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও।
তবে মাঝপথে প্রচার শেষ করতে হলেও জয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। সমর্থকদের শান্ত করতে সুমন কাঞ্জিলাল আশ্বাস দিয়েছেন, “আগামী ৪ মে ফলাফল ঘোষণার পর আমরা ফের দেবকে নিয়ে আসব। তখন আলিপুরদুয়ারে আরও বড় করে রোড-শো করবেন তিনি।” ভোটের মুখে দেবের এই অসম্পূর্ণ রোড-শো কি তবে সমবেদনার ভোট হয়ে ব্যালট বক্সে ফিরবে? আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে এখন এটাই বড় প্রশ্ন।



