৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: তপ্ত বৈশাখের দাপটে যখন দক্ষিণবঙ্গ কার্যত হাঁসফাঁস করছে, ঠিক সেই সময়েই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, অন্যদিকে আর্দ্রতার চাপে অস্বস্তি চরমে—এই অবস্থার মাঝেই তৈরি হয়েছে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে, যা গরম থেকে সাময়িক স্বস্তি এনে দেবে।
বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাগুলিতে ঝড়ের তীব্রতা কিছুটা বেশি হতে পারে। এখানে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। এই আবহাওয়ার পরিবর্তনের নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগর-এর ওপর সক্রিয় অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যার ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং সেখান থেকেই এই ঝড়-বৃষ্টি।
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। শনিবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমান-এ হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্য বজায় থাকতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই অস্থায়ী ঝড়-বৃষ্টির প্রভাবে আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এতে গরম থেকে খানিকটা স্বস্তি মিলবে। কিন্তু এই আরাম বেশিদিন থাকবে না—এরপরই ফের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও আবহাওয়ার চিত্র কিছুটা অস্থির। আজ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার-এ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।






