“মেয়েদের ব্যাগ খুলে ওসব কী দেখা হচ্ছে?”, শ্রীময়ীর ভয়ঙ্কর হেনস্তায় ফুঁসে উঠলেন মমতা
মেডিক্যাল বক্স থেকে ব্যক্তিগত জিনিসপত্র টেনে হিঁচড়ে বের করল পুলিশ! চেকিংয়ের নামে অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ।
Truth of Bengal: ভোটের মুখে নাকা চেকিংয়ের নামে বাড়াবাড়ি ও নারী হেনস্তার অভিযোগে এবার সরাসরি রণমূর্তি ধারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ পুলিশের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন, রবিবার খণ্ডঘোষের সভা থেকে সেই ইস্যুতেই সরব হলেন তৃণমূল নেত্রী। পুলিশের এই আচরণকে ‘নারীর চূড়ান্ত অপমান’ বলে তোপ দেগেছেন তিনি।
ঘটনার সূত্রপাত শ্রীময়ী চট্টরাজের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। শ্রীময়ী অভিযোগ করেন, রাস্তার মাঝে নাকা চেকিংয়ের সময় তাঁর গাড়ি থামিয়ে পুলিশ কর্মীরা অত্যন্ত কুরুচিকরভাবে তল্লাশি চালিয়েছেন। এমনকি গাড়ির মেডিক্যাল বক্স থেকে শুরু করে তাঁর ব্যক্তিগত ব্যাগের ভেতর থাকা অন্তর্বাস ও স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত বের করে জনসমক্ষে দেখা হয়েছে। অভিনেত্রীর দাবি, নিরাপত্তার নামে এই ধরণের তল্লাশি মহিলাদের জন্য চরম অবমাননাকর ও মানসিকভাবে যন্ত্রণাদায়ক।
শ্রীময়ীর এই ক্ষোভের কথা কানে পৌঁছাতেই এদিন মেজাজ হারান মুখ্যমন্ত্রী। খণ্ডঘোষের জনসভা থেকে তিনি বলেন, “চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে সব জিনিসপত্র বের করে দেখছে! এটা মহিলাদের চরম অসম্মান। আমি খবর পেয়েছি, কাঞ্চন মল্লিকের স্ত্রীকে এভাবেই ওরা হেনস্তা করেছে। এসব কোনওভাবেই মেনে নেওয়া যায় না।” মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ভোটের ডিউটিতে থাকা পুলিশ বা নিরাপত্তা কর্মীদের এমন অতিসক্রিয়তা বরদাস্ত করা হবে না।
দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের অভিযোগ ছিল যে, নাকা চেকিংয়ের নামে সাধারণ যাত্রীদের হয়রান করা হচ্ছে। এবার খোদ শাসকদলের বিধায়কের পরিবারই সেই সমস্যার মুখে পড়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও জলঘোলা শুরু হয়েছে। মমতার এই বার্তার পর নাকা চেকিংয়ের পদ্ধতিতে কোনও পরিবর্তন আসে কি না, এখন সেটাই দেখার।






