কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া, ফের বৃষ্টির দিনক্ষণ জানাল হাওয়া অফিস

আগামী পাঁচ দিনে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে

Truth of Bengal: ঝড়-বৃষ্টির দাপট কমতেই দক্ষিণবঙ্গে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। গত কয়েক দিনের বৃষ্টিতে গরম কিছুটা কমলেও, আগামী পাঁচ দিনে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শনিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া— গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবারের মধ্যে ফের হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

রবিবার ও সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই বৃষ্টির বিস্তার বাড়িয়ে মুর্শিদাবাদ ও নদিয়াতেও পৌঁছতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিই হতে পারে বলে জানানো হয়েছে।

Related Articles