১৩ বছরের কারাবাস শেষ! সব মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে।
Truth of Bengal: দীর্ঘ ১২ বছর ১১ মাসের রুদ্ধদ্বার কারাবাসের অবসান। অবশেষে সব ক’টি মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদা চিটফান্ড কেলেঙ্কারির মূল হোতা সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে। এর ফলে রাজ্যের সবথেকে বড় অর্থলগ্নি কেলেঙ্কারির অন্যতম প্রধান অভিযুক্তের জেল থেকে বেরোনোর পথে আর কোনও আইনি বাধা রইল না।
বুধবার রাজ্য পুলিশের হাতে থাকা শেষ দুটি মামলায় সুদীপ্ত সেনকে জামিন দিয়েছে আদালত। দীর্ঘ প্রায় ১৩ বছর হাজতবাসের পর এই রায় ঘোষণা হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে আদালত জামিন দিলেও বেশ কিছু কঠিন শর্ত আরোপ করেছে। আদালত জানিয়েছে, জেলের বাইরে থাকলেও সুদীপ্ত সেনকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকা ত্যাগ করতে পারবেন না।
উল্লেখ্য, ২০১৩ সালে কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার পর থেকেই শ্রীঘরে দিন কাটছিল সারদা কর্তার। তাঁর বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ এবং লক্ষ লক্ষ আমানতকারীকে সর্বস্বান্ত করার অভিযোগ ছিল। সিবিআই এবং ইডি-র একাধিক মামলায় এর আগেই তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু রাজ্য পুলিশের দায়ের করা কিছু মামলায় তাঁর মুক্তি আটকে ছিল। বুধবার সেই বাধা কেটে যাওয়ায় বৃহস্পতিবারই তিনি প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
সারদা কেলেঙ্কারির জেরে এক সময় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। বহু সাধারণ মানুষ তাঁদের সঞ্চয় হারিয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুদীপ্ত সেনের এই মুক্তি আমানতকারীদের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অন্যদিকে, ভোটের মুখে সারদা কর্তার মুক্তি বিরোধীদের হাতে নতুন কোনও রাজনৈতিক অস্ত্র তুলে দেয় কি না, এখন সেটাই দেখার।


