পশ্চিমবঙ্গে ভোটের আগে কড়া প্রশাসনিক নির্দেশ, নিরপেক্ষতা বজায় রাখতে বিশেষ নজর
নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে
Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।এডিজি আইনশৃঙ্খলা দফতরের তরফে রাজ্যের সমস্ত রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের উদ্দেশে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে ইনস্পেক্টর ও সাব-ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকদের বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাঁরা আগে নির্বাচনী দায়িত্বে যুক্ত ছিলেন না, তাঁদের অগ্রাধিকার দিয়ে এই তালিকা তৈরি করতে বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য, ভোট পরিচালনায় কোনওরকম পক্ষপাতিত্বের অভিযোগ এড়ানো এবং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা। বার্তায় আরও স্পষ্ট করে জানানো হয়েছে, নির্বাচনী ডিউটিতে কোনওরকম পক্ষপাতিত্ব বা গাফিলতি বরদাস্ত করা হবে না। গোটা প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যেই এই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় স্পষ্ট, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আগাম প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না কর্তৃপক্ষ।






