“সুরকাররা আসছেন, কিন্তু আমি গান গাইতে পারছি না”, কান হারানোর যন্ত্রণায় বিধ্বস্ত অলকা
ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৪ সালে
Truth Of Bengal: নয়ের দশকের সেই রোম্যান্টিক কণ্ঠ আজ স্তব্ধ। যাঁর গানে কয়েক প্রজন্ম প্রেমে পড়েছে, সেই জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক আজ এক বিরল ও কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন। ২০২৪ সাল থেকে সংগীত জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে শিল্পী জানিয়েছেন, তিনি ‘সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস’ নামক একটি শ্রবণজনিত সমস্যায় ভুগছেন।
অলকা জানান, পরিস্থিতি এমনই যে সুরকাররা এখনও তাঁর কাছে নতুন কাজের প্রস্তাব নিয়ে আসছেন, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তিনি তা গ্রহণ করতে পারছেন না। ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৪ সালে। একটি বিমান সফর শেষে নামার পর অলকা হঠাৎই লক্ষ্য করেন যে তিনি আর কিছুই শুনতে পাচ্ছেন না। সেই আকস্মিক ধাক্কা তাঁর জীবনকে আমূল বদলে দিয়েছে।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সিং চমকিলা’-র ‘নরম কালজা’ গানে শেষবার তাঁর জাদুকরী কণ্ঠ শোনা গিয়েছিল। দীর্ঘ রোগভোগের মাঝেও শিল্পী তাঁর অনুরাগীদের সতর্ক করেছেন উচ্চস্বরে গান শোনা বা দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার না করার বিষয়ে। বর্তমানে তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। কোটি কোটি সংগীতপ্রেমী এখন তাঁদের প্রিয় দিদির আরোগ্য কামনায় প্রার্থনা করছেন, যাতে আরও একবার সেই চিরচেনা কণ্ঠ ফিরে আসে স্টুডিওর মাইক বা মঞ্চের আলোয়।



