রাজ্যের খবর

ফের ভোটের ময়দানে অধীর-মৌসমরা, ২৮৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় পদক্ষেপ নিল কংগ্রেস।

Truth of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় পদক্ষেপ নিল কংগ্রেস। একধাক্কায় রাজ্যের ২৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিল হাত শিবির। এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ একাধিক চমকপ্রদ নাম জায়গা পেয়েছে প্রার্থী তালিকায়।

সবচেয়ে বেশি নজর কেড়েছে বহরমপুর কেন্দ্র। সেখানে প্রার্থী করা হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। অন্যদিকে মালদহের মালতীপুরে লড়াই করবেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। উত্তর দিনাজপুরের চাকুলিয়া কেন্দ্র থেকে আবারও ভরসা রাখা হয়েছে আলি ইমরান রামজ় ওরফে ভিক্টরের উপর।

কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতেও চমক রয়েছে। বালিগঞ্জে প্রার্থী হয়েছেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র। ভবানীপুরে লড়বেন দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদ। নন্দীগ্রামে কংগ্রেস বাজি ধরেছে যুব মুখ শেখ জরিয়াতুল হোসেনের উপর, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি রাসবিহারী কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায়।

এই তালিকায় জায়গা পেয়েছেন ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত বিধায়ক থাকা একাধিক অভিজ্ঞ নেতাও। তাঁদের মধ্যে রয়েছেন রায়গঞ্জের মোহিত সেনগুপ্ত, চাঁচলের অসিফ মেহবুব এবং হরিশ্চন্দ্রপুরের মোস্তাক আলম। এছাড়াও দলবদল করে কংগ্রেসে আসা অমল আচার্যকে ইটাহার কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও নতুন মুখ, এই দুইয়ের মিশেল ঘটিয়ে কংগ্রেস এবারের ভোটে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তবে এই তালিকা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।