রাজ্যের খবর

ভোটের আগে অ্যাকশন মোডে কমিশন! বাসন্তীতে হিংসার ঘটনায় সাসপেন্ড আইসি

বাসন্তী থানার আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

Truth of Bengal: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বাজারে ২৬ মার্চের হিংসার ঘটনায় কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বাসন্তী থানার আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ তুলে তাঁকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, আগাম রাজনৈতিক কর্মসূচির তথ্য থাকা সত্ত্বেও অজিত পাল যথাযথ পুলিশি ব্যবস্থা নেননি। এমনকি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষায় সেই বাহিনীকে কার্যকরভাবে ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটিকে নির্বাচন কমিশন গুরুতর দায়িত্বে অবহেলা হিসেবে চিহ্নিত করেছে। শুধু সাসপেনশনই নয়, সংশ্লিষ্ট আইসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রশাসনিক বদল আনা হয়েছে। বাসন্তী থানার নতুন আইসি হিসেবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর প্রবীর ঘোষকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, আজ রাত ৯টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছে কমিশন।

Related Articles