রাজ্যের খবর

প্রচার ছেড়ে আচমকা ধরনায় শঙ্কর ঘোষ! ভোটের আগে হঠাৎ কী হল বিজেপি প্রার্থীর?

Bangla Jago Desk: শিলিগুড়ির নির্বাচনী প্রচারের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আচমকাই অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচি বন্ধ করার ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, ন্যায়বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের পথও বেছে নিলেন এই প্রার্থী।

মঙ্গলবার শিলিগুড়ি জংশনের সামনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন শংকর ঘোষ। সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তাঁর এই অবস্থান ঘিরে শহরের রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকার এক নাবালিকা স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে। অভিযোগ এক বিবাহিত গৃহশিক্ষকের সঙ্গে ওই নাবালিকার সম্পর্ক ছিল। পরে সেই সম্পর্কের টানাপোড়েন ও প্রতারণার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। নাবালিকা বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে বিবাদ চরমে ওঠে। এরপরই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে। এই প্রেক্ষাপটে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সময়সীমা বেঁধে দেন শঙ্কর ঘোষ। নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না হওয়ায় আন্দোলনের পথে নামেন তিনি। তাঁর এই সিদ্ধান্তে শিলিগুড়ির ভোটের সমীকরণে নতুন মোড় আসতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles