রাজ্যের খবর

সাপের দংশনে কৃষক অসুস্থ, দ্রুত উদ্ধার করে প্রাণ বাঁচাল বিএসএফ

সীমান্তে কর্তব্যের পাশাপাশি মানবিক মুখ বিএসএফ এর

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ সীমান্ত সুরক্ষার কঠোর দায়িত্বের পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিএসএফ। মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী আখেরীগঞ্জ এলাকায় সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক কৃষককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচালেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদনঘাট ওপি এলাকার বাসিন্দা সুধাংশু মন্ডল (৪২) প্রতিদিনের মতো নিজের চাষের জমিতে কাজ করছিলেন। মাঠে মটর, ছোলা ও মুসুরির ফসল কাটার কাজ চলছে। সেই সময় আচমকাই গাছের ঝোপের ভেতর থেকে একটি বিষধর কেউটে সাপ বেরিয়ে এসে তাঁকে দংশন করে। আকস্মিক ঘটনায় তিনি জমির মধ্যেই লুটিয়ে পড়েন এবং দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই বিএসএফের একটি সীমান্ত নিরাপত্তা পোস্ট থাকায় বিষয়টি নজরে আসে কর্তব্যরত জওয়ানদের। দেরি না করে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কৃষককে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিএসএফ সুত্রে জানা যায়, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুজিত কুমার। চিকিৎসকদের সুবিধার জন্য জওয়ানরা সাপটির ছবিও সংগ্রহ করেন, যাতে দ্রুত সঠিক অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সুধাংশু মন্ডল চিকিৎসাধীন এবং আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। সীমান্ত রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দেওয়ায় বিএসএফ জওয়ানদের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় একটি মূল্যবান প্রাণ রক্ষা পেল বলেই মত এলাকাবাসীর।

Related Articles