খেলা

ইতালিকে হারিয়ে হকি বিশ্বকাপের টিকিট নিশ্চিত ভারতীয় মহিলা দলের

ভারত কয়েকবার ইতালির সার্কেলে ঢোকার চেষ্টা করলেও ইতালির রক্ষণভাগ বেশ শক্ত ছিল।

Truth Of Bengal: দুর্দান্ত লড়াইয়ের শেষে ইতালিকে ১–০ গোলে হারিয়ে ২০২৬ হকি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ভারতের মহিলা হকি দল। হায়দরাবাদের জিএমসি বালায়োগী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এফআইএইচ বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেমিফাইনালে এই জয়ের ফলে ফাইনালেও উঠেছে ভারত। খেতাবের লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকে দুই দলই ছিল সতর্ক। প্রথম কোয়ার্টারে মাঝমাঠের দখল নিয়ে চলে টানটান লড়াই। ভারত কয়েকবার ইতালির সার্কেলে ঢোকার চেষ্টা করলেও ইতালির রক্ষণভাগ বেশ শক্ত ছিল। অন্যদিকে ইতালিও কয়েকটি বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে, তবে গোলের মুখ খুলতে পারেনি কেউই।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের গতি বাড়ায় ভারত। ডান-বাম প্রান্ত ব্যবহার করে বারবার ইতালির রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। ১৮ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পেলেও নভনীত কৌরের শট দারুণভাবে ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার লুসিয়া ইনেস কারুসো। এরপর আরও কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও গোলের দেখা পায়নি ভারত।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে ইতালি হঠাৎই আক্রমণ শানায়। এমিলিয়া মুনিটিস একবার প্রায় একা গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু দ্রুত এগিয়ে এসে দুর্দান্ত সেভ করেন ভারতের গোলকিপার বিচু দেবী খারিবাম। অবশেষে ৪০তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। পেনাল্টি কর্নার থেকে শক্তিশালী ড্র্যাগ-ফ্লিক নেন মনীষা চৌহান। সোজা মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে যায় এবং এগিয়ে যায় ভারত।

শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালালেও আর গোল পায়নি ভারত। ম্যাচের শেষ দিকে ইতালি সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে এবং শেষ মিনিটে একটি পেনাল্টি কর্নারও পায়। তবে স্নায়ুর চাপ সামলে গোল রক্ষা করে ভারত। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পাশাপাশি ফাইনালের দিকেও আত্মবিশ্বাসী পদক্ষেপ রাখল ভারতীয় দল।

 

Related Articles