কলকাতা

নতুন রাজ্যপালের দরবারে শুভেন্দু, রাজ্যে ‘সংবিধান রক্ষার’ আর্জি বিরোধী দলনেতার

রাজ্যে সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি রাজ্যপালের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন।

Truth of Bengal: রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে রাজভবনে (সাবেক লোকভবন) সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে আয়োজিত এই বৈঠকে মূলত রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক স্তরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেন তিনি। রাজ্যপালের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাজভবনের বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে সংবিধান ও গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি রাজ্যপালের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন।

বিরোধী দলনেতার অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে ছিল সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক। শুভেন্দুর দাবি, রাষ্ট্রপতির সফরের সময় উপযুক্ত প্রোটোকল মানা হয়নি এবং তাঁকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে। এই ঘটনার দায়ভার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং পুলিশ মহানির্দেশক (ডিজি) পীযূষ পাণ্ডের ওপর চাপিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর মতে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের চারটি স্তম্ভই বর্তমানে ভেঙে পড়েছে এবং এই বিষয়ে তিনি নতুন রাজ্যপালকে বিস্তারিত তথ্য দিয়েছেন। ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি। নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তাঁর অনুষ্ঠানের স্থান শিলিগুড়ির বিধাননগর থেকে সরিয়ে বাগডোগরার কাছে গোঁসাইপুরে করা হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে স্বয়ং রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেন এবং পরে তিনি নিজেই বিধাননগরে পৌঁছে যান। সেখান থেকে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রাষ্ট্রপতি প্রশ্ন তোলেন, কেন মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনো সদস্য বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না।

এই বিষয়টি নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এই ঘটনায় তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন। বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে আদিবাসী ভাবাবেগে আঘাত এবং রাষ্ট্রপতির পদের অবমাননা হিসেবে দেখা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতারা এই সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন।

Related Articles