দুর্গাপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়ার মৃত্যু, তদন্তে পুলিশ
তিনি বিহারের পাটনার বাসিন্দা এবং আইকিউসিটি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
Truth Of Bengal: ফের শিরোনামে দুর্গাপুরের আইকিউসিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল। কলেজের হোস্টেলের বাথরুম থেকে এক প্রথম বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের পাটনার বাসিন্দা এবং আইকিউসিটি মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ছেলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তাঁর বাবা। এরপর তিনি ছেলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। বন্ধুরা হোস্টেলের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় ছাত্রটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
মৃত ছাত্রের বাবা অনিল কুমার জানান, চার থেকে পাঁচ দিন আগে পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছিল। তাঁর ছেলে পড়াশোনায় মনোযোগী ছিল এবং অন্যান্য বিষয়গুলিতে ভালো নম্বর পেলেও প্র্যাকটিক্যাল পরীক্ষায় মাত্র ৫ নম্বর পায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






