দেশ

“দিল্লিতে অনেকদিন রাজনীতি করেছি, এমন কমিশনার কখনও দেখিনি!” বৈঠকের পরে তোপ মমতার

এই পরিস্থিতির প্রতিবাদেই তিনি বৈঠক মাঝপথে বয়কট করে বেরিয়ে আসেন বলে জানান।

Truth of Bengal: সোমবার বিকেলে বহু প্রতীক্ষিত বৈঠক শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি নির্বাচন কমিশনকে ‘অহঙ্কারী’ ও ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন এবং অভিযোগ করেন, বাংলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানজনক আচরণ করা হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তিনি বৈঠক মাঝপথে বয়কট করে বেরিয়ে আসেন বলে জানান।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ হিসেবেও কাজ করেছেন, কিন্তু এমন নির্বাচন কমিশনার আগে কখনও দেখেননি। তাঁর অভিযোগ, আলোচনার সময় নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা সত্য গোপন করেছেন এবং বাংলাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও গুরুতর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নির্বাচনের আগে প্রায় ৫৮ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাঁদের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ একতরফা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেনে-বুঝেই বৈঠকে খারাপ ব্যবহার করেছেন। তাঁর কথায়, গোটা আলোচনাজুড়ে কমিশনের শীর্ষ কর্তারা বাস্তব পরিস্থিতি অস্বীকার করেছেন। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, জ্ঞানেশ কুমার খুব ভালো মিথ্যাবাদী এবং এই আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

Related Articles