রাজ্যের খবর

শুনানিতে এলেন না ৩ লক্ষের বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার, ভোটার তালিকা থেকে ছাঁটাই অনিবার্য?

এসআইআরের খসড়া তালিকা প্রকাশের সময়ই কমিশন জানিয়েছিল, পশ্চিমবঙ্গে ‘নো-ম্যাপিং’ ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬।

Truth Of Bengal: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বড় তথ্য সামনে এল। নির্বাচন কমিশনের ডাকা শুনানিতে নোটিস পেলেও তিন লক্ষের বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার হাজির হননি বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। দিনক্ষণ উল্লেখ করে প্রায় ৩২ লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এখন সেই শুনানিপর্ব প্রায় শেষের দিকে, আর তাতেই দেখা যাচ্ছে মোট ডাকা ভোটারের প্রায় ১০ শতাংশই শুনানিতে অংশ নেননি।

এসআইআরের খসড়া তালিকা প্রকাশের সময়ই কমিশন জানিয়েছিল, পশ্চিমবঙ্গে ‘নো-ম্যাপিং’ ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। এই ভোটাররা ২০০২ সালের শেষ এসআইআরের সঙ্গে নিজেদের নামের যোগসূত্র দেখাতে পারেননি। সেই কারণেই প্রথম পর্যায়ে তাঁদের সকলকেই শুনানির জন্য ডাকা হয়। তবে শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের হিসেব অনুযায়ী, প্রায় ১০ শতাংশ অর্থাৎ আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার ভোটার উপস্থিত হননি।

‘নো-ম্যাপিং’ ভোটারদের পাশাপাশি যাঁদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপ্যান্সি রয়েছে, তাঁদেরও শুনানিতে তলব করেছে কমিশন। আগামী ৭ ফেব্রুয়ারি এসআইআরের শুনানির শেষ দিন নির্ধারিত রয়েছে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও, প্রয়োজনে সেই সময়সীমা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। কমিশনের বক্তব্য, শুনানির প্রক্রিয়া এখনও চলছে। যাঁরা ‘নো-ম্যাপিং’ হয়েও এখনও অংশ নিতে চান, তাঁদের সেই সুযোগ দেওয়া হবে। তবে নির্ধারিত নিয়ম অনুযায়ী, শুনানিতে হাজির না হলে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়তে পারে।

উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে শনিবার ওই তালিকা প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে, ওই দিনই তথ্যগত অসঙ্গতির তালিকার সঙ্গে সঙ্গে ‘নো-ম্যাপিং’ ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ২৬ লক্ষ নামের তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে।

এর আগে গত ১৬ ডিসেম্বর কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল, যেখানে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ে। এবার যদি শুনানিতে হাজির না হওয়া প্রায় ৩ লক্ষ ‘নো-ম্যাপিং’ ভোটারের নামও বাদ যায়, তবে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬১ লক্ষে।

Related Articles