রাজ্যের খবর

পৌষ সংক্রান্তিতে বক্রেশ্বরে পুণ্যস্নানের ঢল, কনকনে শীতে উষ্ণ কুণ্ডে পুণ্যার্থীদের ভিড়

শীতের আবহাওয়ার মধ্যেও বক্রেশ্বরের উষ্ণ প্রসবের গরম জলে স্নান করে স্বস্তি ও আনন্দ উপভোগ করেন পুণ্যার্থীরা।

Truth Of Bengal: পৌষ সংক্রান্তি উপলক্ষে বুধবার বীরভূমের বক্রেশ্বর উষ্ণ প্রসব তীর্থে মকর স্নান করতে ভিড় জমায় ভক্তদের। বাঙালির ঐতিহ্যবাহী পৌষ পার্বণ ও পিঠে পরবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বক্রেশ্বরে আসেন গরম জলে স্নান করতে।

শীতের আবহাওয়ার মধ্যেও বক্রেশ্বরের উষ্ণ প্রসবের গরম জলে স্নান করে স্বস্তি ও আনন্দ উপভোগ করেন পুণ্যার্থীরা। ভোর থেকেই স্নানঘাটগুলিতে ভিড় বাড়তে থাকে। অনেকেই দীর্ঘ সময় ধরে গরম জলে স্নান করতে দেখা যায়। ভোর পাঁচটা থেকে মন্দিরের গর্ভগৃহ ও স্নানঘাট ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।

স্নান সেরে ভক্তরা বক্রেশ্বর শিবধামে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দেন। বীরভূমের একান্ন পীঠের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত বক্রেশ্বর ধামে মকর স্নানের দিন বিশেষ গুরুত্ব বহন করে।

ভিড় সামলাতে ও নিরাপত্তা বজায় রাখতে দুবরাজপুর থানার পক্ষ থেকে কড়া পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয়। স্নানঘাট ও মন্দির চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

প্রতি বছরই মকর সংক্রান্তির দিনে বক্রেশ্বরে এই স্নানকে ঘিরে বিপুল ভক্তসমাগম হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

Related Articles