রান্নাঘরলাইফস্টাইল

Spicy Vetki Patisapta: এবার পাটিসাপটায় ইলিশ-ভেটকির স্বাদ! এই নতুন রেসিপিটি জানেন তো?

এই ভেটকি মাছের পাটিসাপটা হতে পারে বিকেলের একটি দারুণ জলখাবার।

Truth of Bengal: শীতের বিকেলে নারকেল-গুড়ের চেনা মিষ্টত্ব ছেড়ে যদি একটু অন্যরকম কিছু চেখে দেখতে ইচ্ছা করে, তবে পাটিসাপটার ঝাল ঝাল এই সংস্করণটি হতে পারে সেরা বিকল্প। মাছের পুর ভরা পাটিসাপটা যেমন নতুনত্বে ভরা, তেমনই স্বাদেও অতুলনীয়। বিশেষ করে যারা মিষ্টির চেয়ে নোনতা বা ঝাল খাবার বেশি পছন্দ করেন, তাঁদের জন্য এই ভেটকি মাছের পাটিসাপটা হতে পারে বিকেলের একটি দারুণ জলখাবার।

প্রয়োজনীয় উপকরণ

পাটিসাপটার খোল বা ব্যাটার তৈরির জন্য প্রয়োজন আধ কাপ চালের গুঁড়ো, আধ কাপ ময়দা এবং সামান্য নুন। পুর তৈরির জন্য লাগবে ৩-৪ টুকরো ভেটকি মাছ, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি এবং সামান্য হলুদ, ধনে, জিরে ও লঙ্কা গুঁড়ো। রান্নার জন্য সর্ষের তেল এবং পাটিসাপটা ভাজার জন্য সাদা তেল হাতের কাছে রাখুন।

তৈরির পদ্ধতি

প্রথমে একটি পাত্রে চালের গুঁড়ো ও ময়দা নুনসহ ভালো করে মিশিয়ে নিন। পরিমাণমতো ইষদুষ্ণ জল দিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করে অন্তত এক ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন। খেয়াল রাখবেন ব্যাটারটি যেন খুব বেশি ঘন বা একদম জলের মতো পাতলা না হয়।

পুর তৈরির জন্য ভেটকি মাছ নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। মাছ ঠান্ডা হলে খুব সাবধানে কাঁটা এবং ছাল ছাড়িয়ে মাছের টুকরোগুলোকে ঝুরঝুরে করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষান। মশলার কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন। পরিমাণমতো নুন ও কাঁচালঙ্কা কুচি দিয়ে কষানো মশলায় সেদ্ধ মাছ মিশিয়ে দিন। পুর মাখো মাখো ও শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।

এবার একটি নন-স্টিক প্যানে সামান্য সাদা তেল ব্রাশ করে নিন। এক হাতা ব্যাটার মাঝখানে দিয়ে প্যানটি ঘুরিয়ে গোল করে ছড়িয়ে দিন। পাটিসাপটার ওপরের দিকটা শুকিয়ে এলে একপাশে লম্বা করে মাছের পুর দিয়ে দিন। সাবধানে পাটিসাপটাটি মুড়িয়ে গোল আকার দিন। ভাঁজ করার সময় নজর রাখবেন যেন তা খুলে না যায়। নামিয়ে নিয়ে ধনেপাতার চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ভেটকি পাটিসাপটা।