আইএসএল অনিশ্চয়তার মাঝেই দিল্লিতে শুরু ফিফার বিশ্বকাপ ট্রফি ট্যুর, ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা
দীর্ঘ প্রায় ন’মাসের অনিশ্চয়তার পর ইন্ডিয়ান সুপার লিগ ফের শুরু হওয়ার দিনক্ষণ ঘোষণা হয়েছে—আগামী ১৪ ফেব্রুয়ারি।
Truth Of Bengal: ভারতীয় ফুটবল যখন গভীর সংকটে, ঠিক তখনই দিল্লিতে শুরু হল ফিফা বিশ্বকাপ ট্রফি। রবিবার রাজধানী নয়াদিল্লিতে ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের আনুষ্ঠানিক সূচনা করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য এবং ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্টো সিলভা।প্রায় ১২ বছর পর আসল ফিফা বিশ্বকাপ ট্রফি ভারতে এল। তিন দিনের সফরে দিল্লিতে প্রদর্শনের পর ট্রফি যাবে অসমের গুয়াহাটিতে। তবে ট্রফির আগমন ঘিরে উৎসবের আবহ তৈরি হলেও, তার সময় নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন ফুটবলপ্রেমীরা।
কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল কার্যত চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় ন’মাসের অনিশ্চয়তার পর ইন্ডিয়ান সুপার লিগ ফের শুরু হওয়ার দিনক্ষণ ঘোষণা হয়েছে—আগামী ১৪ ফেব্রুয়ারি। কিন্তু এই প্রত্যাবর্তন এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-এর চুক্তি ভেঙে যাওয়ার পর, যার ফলে লিগ কার্যত সম্প্রচারকারী ও স্থায়ী আয়ের উৎস হারিয়েছে।
এর সরাসরি প্রভাব পড়েছে ক্লাব ও ফুটবলারদের উপর। আর্থিক টানাপোড়েনে ক্লাবগুলিকে নিজেদের মতো করেই লিগ চালাতে হচ্ছে। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটে শুরু হচ্ছে আইএসএল। ফুটবলারদের বেতনেও বড়সড় কোপ পড়েছে—এক কোটির বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের ক্ষেত্রে ২০–২৫ শতাংশ এবং অন্যদের ক্ষেত্রে ১০–১৫ শতাংশ পর্যন্ত বেতন কমানো হয়েছে। অনেকের সামনে কার্যত একটাই বিকল্প ছিল—বেতন কাটছাঁট মেনে নেওয়া, না হলে মরসুমই মিস করা।দীর্ঘ বিরতির কারণে ম্যাচ ফিটনেস ও পারফরম্যান্সেও প্রভাব পড়েছে। এরই মধ্যে ভারতের ফিফা র্যাঙ্কিং নেমে গিয়েছে রেকর্ড খারাপ ১৪২ নম্বরে।
এই পরিস্থিতিতে বিশ্বকাপ ট্রফি ট্যুরকে ঘিরে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন সমর্থকরা। তাঁদের একাংশের মতে, যখন দেশের ঘরোয়া ফুটবল টিকে থাকার লড়াই লড়ছে, তখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি প্রদর্শন এক ধরনের ‘বেমানান উৎসব’। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য—দু’জনকেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এর মধ্যেই আইএসএল পুনরায় শুরুর ঘোষণার সময় ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের নাম ভুল উচ্চারণ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করেন মান্ডব্য।সব মিলিয়ে, বিশ্বকাপ ট্রফির ঝলক আর বাস্তবের ভারতীয় ফুটবলের করুণ অবস্থার ফারাকটাই আরও স্পষ্ট হয়ে উঠেছে এই ট্যুরকে ঘিরে। ফুটবলপ্রেমীদের প্রশ্ন একটাই—ঝলমলে প্রদর্শনের বাইরে কবে ঘুরে দাঁড়াবে দেশের ফুটবল ব্যবস্থা?






