দেশ

মুখ্যমন্ত্রীর জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে সমাজ মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রীর

Truth Of Bengal: শত রাজনৈতিক বিরোধিতার মাঝেও সৌজন্য অটুট থাকল। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানান। সোমবার সকালেই তিনি সোশ্যাল মিডিয়ায় ‘মমতা দিদি’ সম্বোধন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সরকারি নথি অনুযায়ী মুখ্যমন্ত্রীর জন্মদিন ৫ জানুয়ারি।

মুখ্যমন্ত্রী নিজে তাঁর জন্মের সময়ও জানিয়ে গেছেন। নিজের লেখা ‘একান্তে’ বইয়ের ৮৪ নং পাতায় তিনি লিখেছেন, “মা’র কথানুযায়ী, দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময়ে আমি জন্মগ্রহণ করেছি। জন্মের তিন দিন আগে থেকে একটানা প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। আমি চোখ খোলার পর বৃষ্টি থেমে যায়।” সরকারি হিসাব ৫ জানুয়ারি হলেও, দুর্গাষ্টমীই মূল জন্মদিন।

বয়স বেড়েছে, তবুও রাজনীতির মাঠে মমতার উদ্যম কমেনি। রাজ্য থেকে জাতীয় পর্যায়ের যেকোনো মিছিল, সভা বা স্লোগানের মুখ তিনি এখনও হয়ে থাকেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে সরকার গঠনের সম্ভাবনা নিয়েও আশাবাদী তাঁর ঘনিষ্ঠ মহল।

মুখ্যমন্ত্রী জন্মদিনে সাধারণত কোনো স্বাভাবিক ছুটি নেন না। এবছরও ব্যতিক্রম নয়। আজ দুপুরে তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন এবং মুড়িগঙ্গার ওপর সেতুর শিলান্যাস করবেন। বাংলার ‘অগ্নিকন্যা’ হিসেবে সদা কর্মমুখী মমতার জন্মদিনও কার্যক্রমে ভরপুর থাকল।

Related Articles