রাজ্যের খবর

রায়দিঘিতে কুমির আতঙ্ক: মণি নদী পেরিয়ে ফিসারিতে হানা, হুলুস্থুল মোহাব্বত নগরে

খবর পেয়ে রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিটের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার অন্তর্গত নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাব্বত নগর দক্ষিণ পাড়ায় কুমির আতঙ্ক ছড়িয়েছে। পাশের মণি নদী থেকে একটি বিশালাকার কুমির লোকালয়ে ঢুকে পড়ায় গত শুক্রবার সকাল থেকে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সেখ সাহাদাত নামে এক ব্যক্তির ফিসারিতে (মাছের ভেড়ি) প্রথম কুমিরটিকে দেখতে পান এক বাসিন্দা। মণি নদী থেকে উঠে এসে কুমিরটি ফিসারির মধ্যে আশ্রয় নিয়েছে বুঝতে পেরে দ্রুত রায়দিঘি থানা এবং বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিটের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

কুমিরটি যাতে ফিসারি থেকে বেরিয়ে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়তে না পারে, সে জন্য ফিসারির চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তবে প্রশাসনের কড়া নজরদারি এবং উদ্ধারচেষ্টা সত্ত্বেও ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখনও কুমিরটিকে জালে বন্দি করা সম্ভব হয়নি। বনদপ্তর জানিয়েছে, কুমিরটি জলের গভীরে লুকিয়ে থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং এলাকায় বনকর্মীরা মোতায়েন রয়েছেন।

এলাকাবাসীদের দাবি, কুমিরটির আকার বেশ বড় হওয়ায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে গবাদি পশু এবং শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং নদীর পাড়ে বা জলাশয়ের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে। কুমিরটি উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় আতঙ্ক কাটছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles