রাজ্যের খবর

উদ্ধার এক কেজির হাতির দাঁত! বাগডোগরায় বনদফতরের জালে দুই পাচারকারী

বনদফতর সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা একটি চার চাকা গাড়িতে করে বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে যাচ্ছে এমন খবর বনদফতরের কন্ট্রোল রুমে আগে থেকেই ছিল।

Truth Of Bengal: বন্যপ্রাণীর দেহাংশ পাচার রুখতে বড়সড় সাফল্য পেল বনদফতর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। সেই অভিযানে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বাগডোগরা বিহার মোড় উড়ালপুল এলাকা থেকে হাতির দাঁত-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা একটি চার চাকা গাড়িতে করে বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে যাচ্ছে এমন খবর বনদফতরের কন্ট্রোল রুমে আগে থেকেই ছিল। সেই খবরের ভিত্তিতেই উড়ালপুল এলাকায় ওত পেতে ছিলেন ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। একটি সন্দেহভাজন গাড়িকে আটকে তল্লাশি চালাতেই সেটির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে বিশালাকার একটি হাতির দাঁত উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা দাঁতটির ওজন প্রায় ১ কেজি এবং লম্বায় এটি প্রায় এক ফুট। বনকর্মীদের প্রাথমিক অনুমান, কোনো পূর্ণবয়স্ক হাতিকে মেরে এই দাঁত সংগ্রহ করা হয়েছে।

এই পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ও বনদপ্তর দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা গণেশ শাহ (২১) নেপালের ধরনের বাসিন্দা। কমল আগরওয়াল (৫১) শিলিগুড়ি খালপাড়ার বাসিন্দা।

ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সাম্যব্রত সাধু জানান, উদ্ধার হওয়া হাতির দাঁতটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে শিলিগুড়ি অথবা ডুয়ার্সের দিকে এটি পাচারের ছক ছিল। পাচারের কাজে ব্যবহৃত চার চাকা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের পেছনে আরও বড় কোনও আন্তর্জাতিক পাচারকারী গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বনদফতর।

Related Articles