খেলা

Australia vs England: অ্যাডিলেড টেস্টে অজিদের দাপটে কিউরেটরের মতোই অসহায় ইংল্যান্ড

হেড ১৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৪২ রানে অপরাজিত।

Truth of Bengal: অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টেও ক্রমশ ম্যাচের দারুণ ফর্মে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে অজিদের রান ২৭১/‌৪। এগিয়ে ৩৫৬ রানে। ব্যাট হাতে নজির গড়েছেন ট্রেভিস হেড, তিনি ১৪২ রানে অপরাজিত থেকে এদিন ম্যাচ শেষ করেছেন।ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে শেষ হওয়ায় ৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে অস্ট্রেলিয়া। তবে শুরুটা ভালো হয়নি। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড মাত্র ১ রানে এবং তিন নম্বরে নামা মার্নাস লাবুশেন ১৩ রানে ফিরে যান। উসমান খোয়াজা ৪০ রান করলেও ক্যামেরন গ্রিন (৭) আবারও ব্যর্থ হন। ১৪৯ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।সেই চাপ সামাল দেন ট্রেভিস হেড ও অ্যালেক্স ক্যারে। পঞ্চম উইকেটে তাঁদের ১২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। হেড ১৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৪২ রানে অপরাজিত। টেস্ট কেরিয়ারের ১১তম শতরান করার পাশাপাশি তিনি অ্যাডিলেডে টানা চারটি টেস্টে শতরানের নজির গড়লেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে কোনও একটি মাঠে টানা চার টেস্টে শতরান করা ব্যাটারদের তালিকায় হেড জায়গা করে নিলেন ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক ও স্টিভ স্মিথের পাশে। অন্যদিকে, প্রথম ইনিংসে শতরান করা অ্যালেক্স ক্যারে দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করে ৫২ রানে অপরাজিত রয়েছেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টং ৫৯ রানে ২ উইকেট নেন। ব্রাইডন কার্স ৪৮ রানে ১ উইকেট এবং উইল জ্যাকস ১০৭ রান খরচ করে ১ উইকেট পান।এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে। বেন স্টোকস ৮৩ এবং জফ্রা আর্চার ৫১ রান করে লড়াই চালালেও শেষের দিকে ইনিংস বেশিদূর এগোয়নি। অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে সফলতম ছিলেন স্কট বোল্যান্ড (৩/৪৫) ও প্যাট কামিন্স (৩/৬৯)। নাথান লায়ন নেন ২ উইকেট, স্টার্ক ও গ্রিন নেন ১টি করে।চলতি অ্যাশেজে ইতিমধ্যেই ২–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে জয় পেলেই সিরিজ পকেটে পুরবে কামিন্সরা। হাতে আরও দু’দিন এবং বিশাল লিড থাকায় ম্যাচ বাঁচাতে গেলে ইংল্যান্ড ব্যাটারদের অসাধ্যসাধন করতে হবে বলেই মত ক্রিকেট মহলের।

এদিকে, চাপের ছাপ দেখা গেছে ইংল্যান্ড শিবিরেও। দ্বিতীয় দিনে অধিনায়ক বেন স্টোকস ও জফ্রা আর্চারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। আর্চারের বোলিংয়ে নিয়ন্ত্রণের অভাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্টোকস, যদিও বিষয়টি বড় বিতর্কে গড়ায়নি।সব মিলিয়ে, অ্যাডিলেড টেস্টে এখন পুরোপুরি চালকের আসনে অস্ট্রেলিয়াই।

Related Articles