পুরুলিয়ার আড়ষা ব্লকে নতুন বছরের আগে একাধিক উন্নয়ন কর্মসূচি
মুখ্যমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে আড়ষা ব্লকে ৬৯০টি বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৮ কোটি ২৮ লক্ষ টাকা।
Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: জঙ্গলমহল এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে বড়দিনের আগেই উন্নয়ন উপহার দিতে চলেছে রাজ্য সরকার। পুরুলিয়া জেলার আড়ষা ব্লকে আগামী দু’মাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য প্রায় ৫০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। এই অর্থ খরচ করবে আড়ষা ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি।ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আড়ষা ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় এলাকাবাসীর অভিযোগ ও সমস্যার সমাধানে প্রায় ১২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয় করা হবে। পাশাপাশি বিসিডব্লিউ ফান্ড থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তা-সহ পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়াও রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে কাঁচা রাস্তা পাকা করতে প্রায় ৩৩ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয় হবে। আদিবাসী উন্নয়ন তহবিল থেকে রাস্তা ও কালভার্ট তৈরির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫৬ লক্ষ টাকা। সংখ্যালঘু দফতরের মাধ্যমে কবরস্থানের বাউন্ডারি ও অন্যান্য কাজের জন্যও প্রায় ৫৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে এসেছে আরও ৬৪ লক্ষ টাকা।
মুখ্যমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পে আড়ষা ব্লকে ৬৯০টি বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৮ কোটি ২৮ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে নতুন চেহারা পেতে চলেছে আড়ষা ব্লক। অযোধ্যা পাহাড়ের কোলে থাকা এই ব্লকে বর্তমানে ১২৬টি বুথ রয়েছে। এক সময় বাম ও কংগ্রেস আমলে চরম অবহেলিত এই এলাকার বহু গ্রামে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তার অভাব ছিল। ২০১১ সালের পর থেকে ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। বর্তমানে রাস্তা, পানীয় জল, সৌর আলো, নিকাশি, খেলার মাঠ-সহ একাধিক পরিকাঠামো গড়ে উঠেছে।
এ বিষয়ে আড়ষা ব্লকের বিডিও গোপাল সরকার জানান, রাজ্য সরকারের বরাদ্দে উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় যাতে উন্নয়ন পৌঁছায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।অন্যদিকে আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি বলেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর সহায়তায় আড়ষা ব্লক আজ আর পিছিয়ে নেই। আগামী দিনে এই বরাদ্দে এলাকার বহু পুরনো সমস্যা মিটবে বলে তিনি আশাবাদী। নতুন বছরের প্রাক্কালে এই বিপুল উন্নয়ন বরাদ্দে জঙ্গলমহল তথা আড়ষা ব্লকে খুশির আবহ তৈরি হয়েছে।






