রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণ প্রযুক্তি তৈরি করবে ভারত! পুতিন সফরে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সেই প্রযুক্তি ভারতে তৈরি হলে সমস্যার বড় অংশই মিটবে বলে আশা করা হচ্ছে।
Truth Of Bengal: রাশিয়ায় প্রস্তুত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ করবে ভারত । রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে এ বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হল দুই দেশ। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত–রাশিয়ার সহযোগিতা আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে।ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ ছিল, রাশিয়া থেকে আমদানি করা অস্ত্র—বিশেষত এস-৪০০ ক্ষেপণাস্ত্র—রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা পেতে দেরি হয়। ফলে মেরামত ও সার্ভিসিংয়ের কাজ ব্যাহত হয়। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে সেই প্রযুক্তি ভারতে তৈরি হলে সমস্যার বড় অংশই মিটবে বলে আশা করা হচ্ছে।
যৌথ বিবৃতিতে ভারত ও রাশিয়া জানিয়েছে, রুশ অস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রাংশ ভারতে উৎপাদনের বিষয়ে দুই দেশই সম্মত। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যৌথ উৎপাদনকে উৎসাহ দেওয়া হবে। ভারতে তৈরি এই প্রযুক্তি তৃতীয় বন্ধুদেশে রফতানিও করা যাবে।এছাড়া আরও উন্নত সামরিক প্রযুক্তি তৈরিতেও পরস্পরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ।ভারতীয় সেনাদের ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামের বড় অংশই রাশিয়া থেকে আমদানি করা। এত দিন রক্ষণাবেক্ষণের প্রযুক্তি রাশিয়া থেকেই আনতে হত, যা সময়সাপেক্ষ ছিল। ফলে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে দেরি হত। নতুন উদ্যোগে সেই সমস্যার সমাধান মিলবে বলেই সেনার অভিমত।বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠকে বসেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলুসোভ।
সেখানেই দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়। রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহও প্রকাশ করেছে ভারত।২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আমেরিকার আপত্তি থাকলেও তিনটি সিস্টেম ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারত। সিঁদুর অভিযানে এস-৪০০-র ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।সূত্রের খবর, ভারত এখন রাশিয়ার আধুনিকতম এস-৫০০ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও ভাবছে। ভবিষ্যতে এই সব সিস্টেমের রক্ষণাবেক্ষণ প্রযুক্তি তৈরি হবে ভারতেই—যা প্রতিরক্ষায় আত্মনির্ভরতার পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


