খেলা

জন্মবার্ষিকীর দিনেই জয় বার্সার, ইপিএল-এ জয় সিটির, হার পিএসজি-র

ক্যাম্প ন্যুর দলটির হয়ে জোড়া গোল করলেন দানি ওলেমাও।

Truth Of Bengal: ২৯ নভেম্বর তারিখটা বার্সেলোনার সমর্থকদের কাছে এক বিশেষ দিন। কেননা আজ থেকে ঠিক ১২৬ বছর আগে বার্সেলোনার প্রতিষ্ঠা হয়েছিল। চলতি বছরের সেই দিনেই লা লিগার ম্যাচে জয়ের মুখ দেখল কাতালানরা। প্রতিপক্ষ আলাভেসকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করলেন লামিনে ইয়ামল-লেওয়ানডস্কিরা। ক্যাম্প ন্যুর দলটির হয়ে জোড়া গোল করলেন দানি ওলেমাও। অপর একটি গোল লামিনে ইয়ামলের।

নিজেদের ঘরের মাঠে যখন গ্যালারিতে উপস্থিত দর্শকরা যখন সবে মাত্র আসন গ্রহণ করে বসতে শুরু করেছেন, সেই সময়ই বার্সার জালে বল জড়িয়ে সবাইকে নিশ্চুপ করে দিয়েছিলেন আলাভেসের ফুটবলার পাবলো লিবানেজ। ম্যাচের বয়স তখন মাত্র ১ মিনিট।

তবে গোল খেয়ে সমতায় ফিরতে বেশি সময় নিল না হ্যান্সি ফ্লিকের বার্সা। অভিজ্ঞ লেওয়ানডস্কির পাস থেকে গোল করে কাতালানদের ম্যাচে ফেরান লামিনে ইয়ামল। এরপর ম্যাচের ২৬ মিনিটে ফের বার্সাকে এগিয়ে দেন দানি ওলমাও। এই গোলের পর তৃতীয় গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় প্রায় ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত। নিজের দ্বিতীয় গোল করে শেষ পর্যন্ত ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমর্থকদের সামনে বার্সার জয় নিশ্চিত করে দেন সেই ওলমাও। ম্যাচ জিতে লা-লিগার পয়েন্ট টেবিলে ১৪ ম্যাচের ১১টি তে জিতে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

অপর দিকে ইপিএল-এ জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা ৩-২ গোলে পরাজিত করেন লিডস ইউনাইটেডকে। সিটির হয়ে জোড়া গোল করেন ফোডেন। বাকি একটি গোল করেন জাসকো গাভারদিওল।

সিটি, বার্সা জয়ের মুখ দেখলেও, ফরাসি লিগে হারের মুখ দেখল লুইস এনরিকের পিএসজি। মোনাকোর মাঠে তাদের কাছেই পর্যুদস্ত হতে হল পিএসজি-কে। খেলার ফল ১-০। মোনাকোর হয়ে একমাত্র গোলটি করেন তাদের জাপানি ফুটবলার তাকুমি মিনামিনো।

Related Articles