স্বরূপনগর সীমান্তে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী
বেশিরভাগই দালালচক্রের মাধ্যমে ২ হাজার থেকে ৫ হাজার টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন।
Truth Of Bengal: মন্টু সাহাজী, বসিরহাট: স্বরূপনগর সীমান্তে দিন দিন বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। গত ১৭ নভেম্বর থেকে প্রতিদিনই হাকিমপুর সীমান্তে জমছে অনুপ্রবেশকারীদের ঢল। কেউ ১০ বছর, কেউ ১৫ বছর, কেউ দু’বছর ধরে ভারতে বসবাস করছিলেন কেউ এসেছিলেন কাজের খোঁজে, কেউবা চিকিৎসার জন্য। বেশিরভাগই দালালচক্রের মাধ্যমে ২ হাজার থেকে ৫ হাজার টাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন।
অনুপ্রবেশকারীদের কারোর কাছেই নেই বৈধ ভারতীয় পরিচয়পত্র। সম্প্রতি এসআইআর প্রক্রিয়া চালু হওয়ায় অনেকেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে ভিড় করতে শুরু করেন। ফলে হাকিমপুর সীমান্তে প্রতিদিনই বাড়ছে চাপ।বিএসএফ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে মোট ১,৭২০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে।
সীমান্তরক্ষীরা দালালচক্রের গতিবিধিও খতিয়ে দেখছে। উত্তর ২৪ পরগনার এই সীমান্ত এলাকায় হঠাৎ অনুপ্রবেশকারীদের ভিড় বেড়ে যাওয়ায় নিরাপত্তা আরও কড়া করা হয়েছে বলে বিএসএফ সূত্রের খবর।





