রাজ্যের খবর

ভারত–নেপাল সীমান্তে বড় মাদকচক্রের হদিশ, গ্রেফতার ১

এরপর তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২০২ গ্রাম ব্রাউন সুগার।

Truth Of Bengal: ভারত–নেপাল সীমান্তে আবারও মাদক পাচারের বড় চক্রের হদিশ পেল দার্জিলিং জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ পানিট্যাঙ্কি সংলগ্ন সতীশচন্দ্র চা বাগান এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগারসহ এক মহিলাকে গ্রেফতার করেছে।ধৃতের নাম স্বপ্না ভূজেল, বাড়ি খড়িবাড়ির গৌরসিংজোত এলাকায়। পুলিশ জানিয়েছে, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাঁকে আটক করেন মহিলা পুলিশ কর্মীরা। এরপর তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২০২ গ্রাম ব্রাউন সুগার।

এত বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এল এবং কারা এর সঙ্গে জড়িত—সেই দিকেই এখন নজর তদন্তকারীদের। প্রাথমিক অনুমান, সীমান্ত অঞ্চল হওয়ায় ভারত–নেপাল রুট ব্যবহার করেই মাদক পাচারের চেষ্টা হচ্ছিল।শনিবার ধৃত স্বপ্না ভূজেলকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুরো ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।দার্জিলিং জেলা পুলিশ জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত রাখতে লাগাতার অভিযান চলবে এবং কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের রেয়াত করা হবে না। গত দু’মাসে একাধিক সফল অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনার পর আবারও স্পষ্ট সীমান্ত এলাকায় সক্রিয় মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের নজর আরও কড়া হচ্ছে।