SIR panic: ‘SIR’ আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, হুগলিতে যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
দেহ উদ্ধারের পর থেকেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Truth of Bengal: পশ্চিমবঙ্গে ‘এসআইআর’ (SIR) আতঙ্ককে কেন্দ্র করে ফের আত্মহত্যার অভিযোগ উঠল। শুক্রবার সকালে হুগলির শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লি থেকে বিতী দাস (৪৯) নামের এক যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।দেহ উদ্ধারের পর থেকেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি এবং চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি করেন, মৃতার আত্মহত্যার পিছনে রয়েছে ‘এসআইআর’ আতঙ্ক।
অরিন্দম গুঁইনের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় মৃতার নাম ছিল না। এই কারণে দেশছাড়া হওয়ার ভয়ে তিনি চরম মানসিক উদ্বেগে ভুগছিলেন এবং সেই কারণেই আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সকালে ঘর থেকে দেহ উদ্ধারের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে তৃণমূল নেতা অরিন্দম গুঁইন ছাড়াও বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে যান।
তবে স্থানীয় বাসিন্দা এবং বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। যৌনপল্লির এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার রাতে বিতী দাসের স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। ঝগড়ার পর তাঁর স্বামী ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যান। সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়, পরে সেখান থেকেই দেহ উদ্ধার হয়। বিজেপি নেতা হরি মিশ্র তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বলেন, এটি পারিবারিক অশান্তির কারণে মৃত্যু। তিনি আরও অভিযোগ করেন যে, পারিবারিক অশান্তিতে মৃত্যুর ঘটনাতেও তৃণমূল অহেতুক ‘এসআইআর’-এর মতো রাজনৈতিক ইস্যুকে যুক্ত করার চেষ্টা করছে।






