“এই বাড়ি মন্দিরের মতো”, দলের পুরনো অফিসে আবেগঘন দিলীপ ঘোষ
উস্কে দেন পুরনো দফতরের আবেগকে
Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দলের অন্দরে কটাক্ষের মুখে পড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর থেকে একের পর এক দলীয় কর্মসূচি থেকে তিনি বাদ পড়েছিলেন। তবে সম্প্রতি শমীক ভট্টাচার্য গেরুয়া শিবিরের নয়া রাজ্য সভাপতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে দিলীপ ঘোষের গুরুত্ব। শনিবার তিনি বিজয়া সম্মিলনীর আয়োজন দলের পুরনো অফিস ৬ নম্বর মুরলীধর সেন লেনে এবং উস্কে দেন পুরনো দফতরের আবেগকে।
আরও পড়ুন: “বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না!”,মন্তব্যে তীব্র বিতর্কে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার
দিলীপ ঘোষ বলেন, “আমাদের কাছে এই বাড়ি মন্দিরের মতো। এখান থেকেই বেড়েছে পার্টি। ৪০ শতাংশ ভোট হয়েছে চার থেকে। এই বাড়ি থেকে জিতেছে বহু এমএলএ, এমপি।” এরপরই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ তোলেন তিনি। তাঁর বক্তব্য, “এখানেই উনি বসতেন। তাই এই বাড়ি থাকবে আমাদের অন্তরে। সংসার বড় হলে আরও বাড়ির ও ঘরের খোঁজ হয়। তাই হয়েছে এখানেও। ৬ নম্বর থেকে গিয়েছে পাঁচ নম্বরে।” এদিন দলের অন্দরে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়েও নিজের বক্তব্য জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, “পার্টি ঠিক করবে আমার ভূমিকা।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, লাগাতার দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে বাদ পড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, যা শোনার পর মনে হচ্ছিল যে তিনি হয়তো দল পাল্টাতে পারেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে শমীক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকে এই বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং ফের গুরুত্ব বাড়াচ্ছেন দিলীপ ঘোষের।






