Shantipur Ras Utsav: শান্তিপুরের রাস উৎসবকে নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা! ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারির পরিকল্পনা
রাধা কৃষ্ণের যুগলের মিলন ঘটানোর একদিন পর বৌভাতের মতো করেই যুগল বিগ্রহ নিয়ে করা হয় নগর পরিক্রমা।
Truth of Bengal: কথিত আছে,প্রায় ৫০০বছর আগে অদ্বৈত আচার্যের হাত ধরে শান্তিপুরে প্রথম শুরু হয়েছিল রাসযাত্রা।প্রাচীন রীতি মেনে ধুমধাম করেই পালিত হয় ঐতিহ্যবাহী রাস উত্সব।রাধা-কৃষ্ণের রাস উত্সবের জন্য শান্তিপুরের বিভিন্ন বারায়োরি পুজো কমিটি মণ্ডপ সজ্জার প্রস্তুতি নিচ্ছে। মূলত রাস পূর্ণিমা তিথিতেই এই যুগলের মিলন উত্সব হয়। এর পরে শুরু হয় শান্তিপুরের রাধা কৃষ্ণের রাসযাত্রা। রাধা কৃষ্ণের যুগলের মিলন ঘটানোর একদিন পর বৌভাতের মতো করেই যুগল বিগ্রহ নিয়ে করা হয় নগর পরিক্রমা। এখনও পর্যন্ত সেই রীতি মেনেই চলছে শান্তিপুরের রাসযাত্রা। রাস উৎসবে যাতে কোন রকম সমস্যা না হয় সেটাই পাখির চোখ পুলিশ- প্রশাসনের (Shantipur Ras Utsav)।
বুধবার শান্তিপুরের রাজপথে জেলা পুলিশ সুপার জেলাশাসক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ড্রোন উড়িয়ে চলে নজরদারি। শান্তিপুর শহরের ডাকঘর থেকে শুরু করে কাশ্যপপাড়া রাস উৎসবে একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। শান্তিপুর শহরের বড় বড় পুজো কমিটি তাদের শোভাযাত্রা নিয়ে রাজপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান। এবার এই রাস উৎসবের ভাঙা রাশের শোভাযাত্রায় যাতে কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য ড্রোন দিয়ে পুলিশের বাড়তি নজরদারি চালানো হয়। জেলা প্রশাসন শান্তিপুরের রাস উত্সবকে সর্বাঙ্গ সুন্দর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে।
ড্রোনের মাধ্যমে শান্তিপুরের রাজপথ সহ শান্তিপুরের আনাচে-কানাচে খতিয়ে দেখা হয় প্রশাসনের তরফ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার ও জেলা শাসক জানিয়েছেন, শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ রাস উৎসব ও ভাঙারাস মানুষের এক অন্যতম আবেগ। দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা শান্তিপুরে আসেন রাস উৎসব দেখতে। রাস উৎসব যাতে সঠিকভাবে সম্পন্ন হয় তার জন্যই এই বাড়তি নজরদারি। তবে শান্তিপুরের রাস উৎসবকে কেন্দ্র করে গোটা শান্তিপুর বাসিকে শুভেচ্ছাও জানানো হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে (Shantipur Ras Utsav)।
অন্যদিকে বুধবার গোটা শান্তিপুরের পুজো কমিটিদের নিয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক আয়োজন করা হয় শান্তিপুর থানায়। সেখানে কিভাবে রাস উৎসব পালন করতে হবে এবং প্রশাসনিক কি কি নিয়ম থাকছে সবটাই জানিয়ে দেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।






