Ganga Bathing: বিকিনিতে গঙ্গা স্নান! ঋষিকেশের লক্ষণ ঝুলায় বিদেশি যুবতীর ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক
এরপর তিনি গঙ্গায় নেমে সেই মালা ভাসিয়ে দিচ্ছেন এবং জলে ডুব দিয়ে সাঁতার কাটছেন।
Truth of Bengal: উত্তরাখণ্ডের ঋষিকেশের লক্ষণ ঝুলায় বিকিনি পরিহিতা এক বিদেশী যুবতীর গঙ্গা স্নানের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফুলের মালা পরে ওই যুবতী প্রথমে হাত জোড় করে প্রণাম করছেন। এরপর তিনি গঙ্গায় নেমে সেই মালা ভাসিয়ে দিচ্ছেন এবং জলে ডুব দিয়ে সাঁতার কাটছেন। ঋষিকেশ প্রতিদিন দেশী-বিদেশী বহু পর্যটক এবং ভক্তের আনাগোনা হয়, যেখানে পবিত্র গঙ্গার জলে ডুব দেওয়া খুবই স্বাভাবিক ঘটনা। তবে এই যুবতীর স্নানের পোশাক নিয়েই মূলত সমস্যার সূত্রপাত।
Maa Ganga is a sacred river, not a beach or a swimming pool. Show respect wear decent attire, not a bikini. pic.twitter.com/KUbyVhw0u3
— Hindutva Vigilant (@VigilntHindutva) October 20, 2025
এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটনাগরিকরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। এক অংশের দাবি, এই ধরনের পোশাকে গঙ্গায় স্নান করা ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় পবিত্রতার পরিপন্থী এবং এটি ‘মা গঙ্গা’র প্রতি অবমাননাকর। হিন্দুত্ববাদী কয়েকটি সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “আমি ভাবছি, কেন এদের থামানো হচ্ছে না। কোনো ভারতীয় মহিলা এই রকম করলে তিনি গ্রেপ্তার হতেন। বিদেশী বলে তাঁকে ছাড় দেওয়া হচ্ছে।” তাঁদের দাবি, বিদেশিনী বিকিনি পরে স্নান করে গঙ্গার পবিত্রতা নষ্ট করেছেন।
অন্যদিকে, নেটিজেনদের আরেক অংশ যুবতীর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, ওই বিদেশিনীর কোনো খারাপ বা অসৎ অভিপ্রায় ছিল না, এবং তাঁকে দেখে ভক্ত হিসেবেই মনে হয়েছে। অনেকে আবার পুরুষদের পোশাক নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, “পুরুষরা যখন অন্তর্বাস পরে স্নান করেন তখন কিছু হয় না?” তাঁদের মতে, এটি ব্যক্তিগত পছন্দের বিষয় এবং অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে, ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রাখার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।





