কলকাতারাজ্যের খবর

ডিজিট্যাল যোদ্ধা! বাংলায় বিশেষ বাহিনীর কথা জানালেন অভিষেক

ডিজিট্যাল মাধ্যমকে ব্যবহার করেই এর জবাব দিতে এবার তৈরি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও।

Truth Of Bengal: সামাজিক মাধ্যমে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এমনটাই অভিযোগ রাজ্যের শাসকদলের। মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বহিরাগত ও বাংলা বিরোধীরা এই কাজে প্রতিনিয়ত লিপ্ত রয়েছে। ডিজিট্যাল মাধ্যমকে ব্যবহার করে মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। ডিজিট্যাল মাধ্যমকে ব্যবহার করেই এর জবাব দিতে এবার তৈরি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও।

বৃহস্পতিবার এক নতুন উদ্যোগের সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘আমি বাংলার ডিজিট্যাল যোদ্ধা’ নামে তৃণমূলের বিশেষ বাহিনীর সূচনা করলেন তিনি। সামাজিক মাধ্যমে যে লাগাতার অপপ্রচার চলছে তা প্রতিহত করতেই এই বাহিনী গড়ে তোলা। এই বিশেষ উদ্যোগের সূচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত—যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিট্যাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।

এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিট্যাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন।’

Related Articles