দুর্গাপুর কান্ড: গ্রেফতার অন্তিম অভিযুক্ত
পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং তাঁকে গ্রেফতার করা হয় গোপালমাঠ থেকে।
Truth Of Bengal: দুর্গাপুর গণধর্ষণ কান্ড নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। নারী নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে পড়তে হয়েছিল বিরোধীদের কটাক্ষের মুখে। সকলেই অপেক্ষায় ছিলেন অভিযুক্তদের গ্রেফতার হওয়ার। সোমবার শেষ অভিযুক্ত সফিকুল শেখও গ্রেফতার হয়েছেন বলে জানা গিয়েছে। দুই ধৃতকেই আজ তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছে সমস্ত অভিযুক্ত।
জানা গিয়েছে, বিজড়া এলাকায় সফিকুল শেখ গা ঢাকা দিয়েছিলেন। পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং তাঁকে গ্রেফতার করা হয় গোপালমাঠ থেকে। তবে এই মুহূর্তে পুলিশ বিস্তারিত তথ্য দিতে চায়না। আরও জানা গিয়েছে ধর্ষণের ইঙ্গিত পাওয়া গিয়েছে নির্যাতিতার প্রাথমিক মেডিকেল রিপোর্টে। বঙ্গ রাজনীতির পরিবেশ এই মুহূর্তে এক আলাদা রূপ নিয়েছে অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে। তবে অব্যাহত রয়েছে রাজনৈতিক তরজা। শাসক থেকে বিরোধী, দুই শিবিরই চালিয়ে যাচ্ছে কটাক্ষ ও পাল্টা কটাক্ষ।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল গত শুক্রবারে। রাত্রিবেলায় বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন বেসরকারি মেডিকেল কলেজের সেই নির্যাতিতা। অভিযোগ, তখন নাকি জঙ্গলের দিকে তাঁকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে ক্ষোভ দেখান সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রসমাজ, সকলেই। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত পদক্ষেপের। বিরোধীরাও ঘটনাটিকে হাতিয়ার করে ময়দানে নামে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিশ্রুতি দেন যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। একেক করে সকলকেই গ্রেফতার করা হয়েছে।






