মেক্সিকোকে হারিয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা
Truth Of Bengal: অনুর্ধ্ব ২০ বিশ্বকাপের শেষ আটের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল মেক্সিকোর। লাতিন আমেরিকার দুই দেশের ম্যাচে উপস্থিত দর্শকরা দেখলেন দুই দলের মধ্যে কার্ডের ছড়াছড়ি। এমনকি দুজন দেখলেন লাল কার্ডও। তবুও শেষ পর্যন্ত ম্যাচ থেকে জয় তুলে নিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলল আর্জেন্টিনা। ম্যাচের ফল ২-০। এই ম্যাচ জিতে ২০০৭ সালের পর ফের বিশ্বকাপের শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করল মেসির দেশের জুনিয়র ফুটবলাররা।
শনিবার সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে আর্জেন্টিনা তাদের দুটি গোল করে ম্যাচের দুই অর্ধে। নীল-সাদা জার্সিধারীরা তাদের প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৯ মিনিটের সময়। মেক্সিকোর গোলরক্ষকের একটি ভুলেই এগিয়ে যায় নীল-সাদা জার্সিধারীরা। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন মাহের কারিজো। এটি চলতি বিশ্বকাপে তৃতীয় গোল ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারের। এরপর আর বিরতির আগে কোনও দলই গোলের দেখা পায়নি দুই দল।
আর্জেন্টিনা তাদের দ্বিতীয় গোলটি পায় ম্যাচের বিরতি থেকে ফিরে। ৫৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে স্কোরশিটে নাম তোলেন পরিবর্ত হিসেবে মাঠে নামা মিয়ামির উইঙ্গার সিলভেত্তি। এটি তাঁর দ্বিতীয় গোল। এই ম্যাচের অন্তিম লগ্নে এসে লাল-কার্ড দেখলেন দিয়োগো ওচোয়া ও জিমেনেজ। এবার শেষ চারের লড়াইয়ে আর্জেন্টিনাকে মুখোমুখি হতে কলম্বিয়ার। যারা কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-২ গোলে পরাজিত করেছিল।


