খেলা

শহীদদের উৎসর্গ! ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বললেন রোহিত

শুধু তাই নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে এটি সবে শুরু এবং এখনও অনেককিছু বাকি।

Truth Of Bengal: শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়েছে নেপাল। ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর অবশেষে তারা পরাজিত করল আইসিসির এক পূর্ণ সদস্য দলকে। তারা হারাল ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচের সেরা, তথা দলের অধিনায়ক, রোহিত পৌডেল জানান যে তিনি এই পুরস্কারটি উৎসর্গ করলেন সেই শহীদদের উদ্দেশ্যে যাঁরা অংশগ্রহণ করেছিলেন ‘জেন জি’ বিক্ষোভে। শুধু তাই নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে এটি সবে শুরু এবং এখনও অনেককিছু বাকি।

রোহিত পৌডেল বলেন, “এই পুরস্কারটি আমি উৎসর্গ করতে চাই শহীদদের উদ্দেশ্যে যাঁরা প্রতিবাদে যোগ দিয়েছিলেন। গত মাসটি আমাদের জন্য ভাল যায়নি। তাই যদি আমরা নেপালের জনগণকে একটু খুশি দিতে পারি, তাহলে আমি মনে করি সেটা খুব ভালো হবে।” এরপরই তাঁর বার্তা, “এটা সবে শুরু এবং আরো অনেককিছু আসতে চলেছে।” দলের খেলা প্রসঙ্গে তিনি বলেন, “মানসিকতা আমাদের খুবই স্পষ্ট ছিল, আমরা যদি এখানে আসি, তাহলে সিরিজ জিততে এসেছি আমরা।”

উল্লেখ্য, শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নেপাল নির্ধারিত ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৪৮। দলের অধিনায়ক রোহিত পৌডেল ৩৮ এবং কুশল মল্লা ৩০। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন জেসন হোল্ডার। এছাড়া নবীন বিদাইসি তোলেন তিনটি এবং আকিল হোসেন একটি উইকেট। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৯ উইকেটে ১২৯। ব্যাট হাতে দলের কোন ব্যাটারই তেমন দাগ কাটতে পারেননি। নেপালের বোলারদের মধ্যে দুটি উইকেট পান কুশল ভূর্তেল। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন দীপেন্দ্র, করণ, নন্দন, রোহিত এবং ললিত। ম্যাচের সেরা ঘোষণা করা হয় রোহিত পৌডেলকে।

Related Articles