OTT Ban: অশ্লীল কনটেন্টের অভিযোগে বন্ধ উল্লু-সহ ২৫টি অ্যাপ, কড়া বার্তা কেন্দ্রের
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই এই প্ল্যাটফর্মগুলিতে ইরটিক ওয়েব সিরিজ ও অশ্লীল ভিডিও কনটেন্টের পাশাপাশি অশ্লীল বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।
Truth of Bengal: ওটিটি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ করা হল ‘উল্লু’, ‘বিগ শট অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘ডেসিফ্লিক্স’, ‘হালচাল অ্যাপ’, ‘নবরস অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘হটএক্স ভিআইপি’, ‘আড্ডা টিভি’, ‘মোজফ্লিক্স’-সহ মোট ২৫টি মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই এই প্ল্যাটফর্মগুলিতে ইরটিক ওয়েব সিরিজ ও অশ্লীল ভিডিও কনটেন্টের পাশাপাশি অশ্লীল বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। যা সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং নাবালকদের কাছে সহজেই এই ধরনের পর্নোগ্রাফিক কনটেন্ট পৌঁছে যাচ্ছে। বলা বাহুল্য,চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্ট ওটিটি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যৌন উত্তেজক বিষয়বস্তু স্ট্রিমিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল (OTT Ban)।
আরও পড়ুন: Sangsay Village: তিস্তার পাড়ে, কাঞ্চনজঙ্ঘার কোলে শান্ত নিরিবিলি অফবিট গ্রাম সাংসের
সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের তরফ থেকে কেন্দ্র এবং প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে নোটিশ জারি করা হয়েছিল। এরপরেই নিষিদ্ধ হল একাধিক সামাজিক ওটিটি প্ল্যাটফর্ম। অন্যদিকে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ, ব্যবহার করুন বা না-ই করুন, কেউই এই অ্যাপ বা ওয়েবসাইটগুলিতে প্রবেশ করতে না পারেন। একাধিক অভিযোগ পাওয়ার পরই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এই পদক্ষেপ নেয়। সরকারি সূত্রের দাবি, এই অ্যাপ ও সাইটগুলি তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ ও ৬৭এ, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪ এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন ১৯৮৬-এর ধারা ৪ লঙ্ঘন করেছে (OTT Ban)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
সরকারের বক্তব্য, ডিজিটাল মাধ্যমে কোনওভাবেই অশ্লীলতা, অশালীনতা কিংবা যৌনগন্ধি কনটেন্টের ছড়াছড়ি বরদাস্ত করা হবে না। তাই কনটেন্টের শালীনতা বজায় রাখতে এবং ভবিষ্যতে এই ধরনের কনটেন্টকে নিরুৎসাহিত করতেই এই কঠোর পদক্ষেপ। অন্যদিকে, এর আগেও গত মার্চ মাসে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ ও ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল কেন্দ্র। এবার সেই তালিকায় যুক্ত হল আরও ২৫টি বিতর্কিত অ্যাপ ও ওয়েবসাইট (OTT Ban)।






