জমি নিয়ে বচসা থেকে গুলি! মুর্শিদাবাদে রক্তাক্ত সংঘর্ষে উত্তেজনা
Gunfire erupts over land dispute! Tensions rise in bloody clash in Murshidabad
Truth Of Bengal: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বৃহস্পতিবার সকালে নওদা থানার কোদালকাটি এলাকায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন চলে গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হন ২৫ বছরের আজিজ মণ্ডল নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নিজের চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন আজিজ মণ্ডল। অভিযোগ, পাটের জমি ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে দুই জমির মালিকের মধ্যে বচসা শুরু হয়। দ্রুত তা সংঘর্ষে পরিণত হলে জড়িয়ে পড়েন আরও কয়েকজন। হঠাৎই সেই গণ্ডগোলের মাঝেই চলতে থাকে গুলি। গুলি লাগে আজিজের পায়ে। আহত হন আরও কয়েকজন।
প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, “পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।






